২৪ঘণ্টা অনলাইন: চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের আসন্ন ঈদুল আজহার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’। ২৩ মে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ জানান, সিনেমাটিকে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মইনদ্দিন বলেছেন, ‘রকস্টার’ সিনেমা সংশ্লিষ্টদের হাতে এখনও সার্টিফিকেট হস্তান্তর করা হয়নি, তবে সেটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং শিগগিরই তা দেওয়া হবে।ইতোমধ্যেই সিনেমাটির গান ও টিজার প্রকাশ পেয়েছে, যা সিনেমা প্রেমীদের মাঝে বাড়তি আগ্রহের সৃষ্টি করেছে। তাদের মতে, এবারের ঈদে বড় পর্দায় নতুন এক চমক নিয়ে হাজির হতে পারে ‘রকস্টার’। একই সঙ্গে একেবারে ভিন্ন ঘরানার এক শাকিব খানকে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক।
আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েক ও তারিক আনাম খানসহ আরও অনেকে। সান মোশন পিকচার্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।