শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন এত কঠিন হবে ভাবিনি: রিয়া চক্রবর্তী

প্রকাশিত - ২০ মে, ২০২৬   ০৫:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর নানা ঝড় বয়ে গেছে রিয়া চক্রবর্তীর ওপর দিয়ে। আইনি জটিলতা, কড়া সমালোচনা আর মাদক মামলায় এক মাসের কারাবাস সব মিলিয়ে জীবনের এক চরম কঠিন সময় পার করেছেন এই অভিনেত্রী। যদিও পরবর্তী সময়ে আদালত তাকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন, তবুও সেই ঝড় যেন ওলটপালট করে দিয়েছে তার ভেতরের পৃথিবীকে। 

এবার নিজেই জানালেন, কোথাও যেন হারিয়ে ফেলেছেন নিজেকে। আর এই উপলব্ধি থেকেই জীবন নিয়ে এক বড় সিদ্ধান্ত নিলেন রিয়া, যা দেখে বেশ উদ্বেগে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন একটি পোস্ট করেন রিয়া। 

সেখানে নিজের ভেতরের টানাপোড়েন প্রকাশ করে তিনি লেখেন, ‘সম্প্রতি আমি নিজেকে খুব ‘মিস’ করছি। অনবরত কোলাহল, মোবাইল স্ক্রল করা এসব যেন জীবনে খুব কঠিন হয়ে উঠেছে। জীবন থেকে এমনটা আমি একদমই প্রত্যাশা করিনি। কোনো একটা মুহূর্তে জীবন্তভাবে বাঁচার অনুভূতি যেন দিন দিন বিরল হয়ে উঠছে।’

ভার্চুয়াল জগতের এই কৃত্রিমতা আর কোলাহল থেকে মুক্তি পেতে চান রিয়া। নিজের মানসিক শান্তি ও বাস্তবতার কাছাকাছি ফিরতে ক্ষণিকের বিরতি চেয়েছেন তিনি। পোস্টে অভিনেত্রী আরও লেখেন, ‘তাই কিছু সময়ের জন্য আমি একটু থমকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটু গভীর শ্বাস নিতে চাই এবং আশপাশে যা কিছু বাস্তব ও খাঁটি, সেগুলোর সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি করতে চাই।’

আপাতত আর ক্যামেরাবন্দি মুহূর্তে মন দিতে চান না এই বলিউড তারকা। ফ্রেমের বন্দিদশা কাটিয়ে জীবনের প্রতিটা মুহূর্তকে সরাসরি অনুভব করতে চান তিনি। আর সে কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কয়েক দিনের জন্য পুরোপুরি বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন রিয়া। তবে অনুরাগীদের একেবারে নিরাশ করেননি দ্রুতই আবার সবার মাঝে ফিরে আসার আশ্বাসও দিয়েছেন। তবুও প্রিয় অভিনেত্রীর এমন বিষাদগ্রস্ত পোস্ট দেখে বেশ চিন্তিত তার ভক্তরা।

প্রসঙ্গত, দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘চ্যাপ্টার ২’ নামে নিজের একটি টক-শো শুরু করেছিলেন রিয়া চক্রবর্তী। অনুষ্ঠানটির বেশ কয়েকটি পর্ব দর্শক মহলে বেশ সাড়াও ফেলেছিল। তবে নতুন করে কাজের ছন্দে ফেরার মাঝেই নিজেকে খোঁজার এই নতুন জার্নি শুরু করলেন রিয়া।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।