২৪ঘণ্টা অনলাইন: দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে পর্দার সেই চেনা ‘চুলবুলি’ নায়িকাকে দেখে যেন কিছুটা থমকে গেছেন তার অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন এ কি সত্যিই সেই অনুষ্কা? নাকি সময়ের আবর্তে বদলে গেছেন বিরাট-পত্নী?
বিরাট কোহলি আর দুই সন্তানকে নিয়ে এখন লন্ডনেই থিতু হয়েছেন অভিনেত্রী। বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটে তাদের। স্বামী আর সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে, রূপালি জগত থেকে প্রায় অদৃশ্যই হয়ে গিয়েছিলেন তিনি।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জ়িরো’ ছবির পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। এমনকি বিজ্ঞাপনী ঝলকেও ছিলেন অনুপস্থিত। সম্প্রতি একটি বিজ্ঞাপনী ছবির মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছেন আনুশকা। সেই ভিডিওতে সবুজ রঙের একটি পোশাকে, ছিমছাম সাজ আর হালকা গয়নায় দেখা গেছে তাকে।
তবে নায়িকাকে নতুন ভাবে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘অনুষ্কার মুখে বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে।’ আবার অনেকের দাবি, তার চেহারায় আমূল পরিবর্তন এসেছে, যা দেখে হুট করে চেনাই দায়।
এমনকি তার প্লাস্টিক সার্জারি বা ফিলার নিয়ে পুরনো বিতর্কও নতুন করে মাথাচাড়া দিয়েছে নেটিজেনদের একাংশের মাঝে। তবে বিতর্কের পাশেই দাঁড়িয়েছেন একদল ভক্ত। তারা বলছেন, দীর্ঘ সময় পর প্রিয় নায়িকাকে পর্দায় দেখতে পাওয়াটাই বড় প্রাপ্তি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।