২৪ঘণ্টা অনলাইন: তামিলনাড়ুর ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয়। শপথ গ্রহণের পর সামাজিক মাধ্যমে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের একটি পোস্ট নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ১১মে ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তৃষা লিখেছেন, ‘ভালোবাসা সবসময় সোচ্চার’। সেই সঙ্গে নিজের প্রিয় মানুষদের প্রতি ধন্যবাদও জানিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরেই থালাপতি বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কের গুঞ্জন চলছে। এই পোস্ট এবার তাদের নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিল। ১০মে চেন্নাইয়ে থালাপতির শপথগ্রহণ অনুষ্ঠানে মায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তৃষা। সেখানে বিজয়ের প্রথম ভাষণের সময় তৃষাকে আবেগপ্রবণ হতে দেখা যায়। এছাড়া থালাপতির পরিবারের সদস্যদের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে মৃদু হেসে তৃষা বলেন, ধন্যবাদ। আগামীর অপেক্ষায়।
থালাপতি ও তৃষার সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিনের। ২০০৪ সালে ‘ঘিল্লি’ সিনেমা থেকে শুরু করে সাম্প্রতিক ‘লিও’ পর্যন্ত এই জুটি দর্শকদের অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে। তবে ২০২৪ সালের জুনে থালাপতির জন্মদিনে তার একটি অপ্রকাশিত ছবি পোস্ট করে তৃষা লিখেছিলেন, শুভ জন্মদিন সবথেকে ভালো মানুষ। এরপর থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা আরও তীব্র হয়।
এদিকে ব্যক্তিগত জীবনে থালাপতি বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গমের মধ্যে সম্প্রতি বিচ্ছেদের আবেদন করা হয়েছে বলে জানা গেছে। বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।