২৪ঘণ্টা অনলাইন : বড়পর্দায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘ভয়ংকর সুন্দর’-এর পর নতুন নতুন চলচ্চিত্রে কাজের খবরের মধ্যেই এবার তিনি যুক্ত হয়েছেন ‘ঢাকা ১২০৫’ সিনেমায়।নগরজীবনের বাস্তবতা, প্রেম, সংগ্রাম ও সম্পর্কের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন ওয়ালিদ আহমেদ। এতে ভাবনার বিপরীতে অভিনয় করছেন নবাগত রাকিব হোসেন।
সম্প্রতি ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন ভাবনা। তিনি জানান, আন্তর্জাতিক মঞ্চে নিজের অভিনীত চলচ্চিত্র নিয়ে উপস্থিত হওয়া ছিল দারুণ অভিজ্ঞতা। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী বেনারসিও তুলে ধরেছেন তিনি।নতুন সিনেমা প্রসঙ্গে ভাবনা বলেন, “‘ঢাকা ১২০৫’-এর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ। একটি গান ও কিছু ডাবিং বাকি আছে। আশা করছি সুন্দর সময়ে দর্শকদের সামনে সিনেমাটি আনতে পারবো।”
সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং হয়েছে উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। নির্মাতা জানান, ঢাকার অচেনা ভেতরের জীবন, আবেগ ও সম্পর্কের গল্পই উঠে আসবে এই সিনেমায়। পরিচালক ওয়ালিদ আহমেদের ভাষ্য, “ভাবনা অত্যন্ত নিবেদিত একজন শিল্পী। আর রাকিব খুব দ্রুত চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারে। দর্শক সিনেমাটিতে দুজনের দারুণ রসায়ন দেখতে পাবেন।”
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।