শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দশ হাজার কোটি টাকা আয় করেছে এই সিনেমা

প্রকাশিত - ০৪ মে, ২০২৬   ০৬:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বক্স অফিসে নতুন মাইলফলক ছুঁয়েছে অ্যানিমেটেড সিনেমা ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। উত্তর আমেরিকায় মুক্তির পঞ্চম সপ্তাহ শেষে শুধু আঞ্চলিকভাবেই সিনেমাটির আয় ৪০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা। বক্স অফিসের ইতিহাসের ১২তম অ্যানিমেটেড সিনেমা হিসেবে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে সিনেমাটি। একইসঙ্গে ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথম ৪০০ মিলিয়ন ডলারের এই মাইলফলক স্পর্শ করলো।

বক্স অফিসের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকায় সিনেমাটির মোট আয় বর্তমানে ৪০২.৭ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মাধ্যমে জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ‘ফ্রোজেন’ এর ৪০০.৭ মিলিয়ন ডলার আয়ের রেকর্ডকে পেছনে ফেলেছে এটি। ফলে সর্বকালের সর্বোচ্চ আয়করা অ্যানিমেটেড সিনেমার তালিকায় এখন সিনেমাটির অবস্থান ১১তম। বিশ্লেষকদের ধারণা, উত্তর আমেরিকায় সিনেমাটির চূড়ান্ত আয় ৪৩০ মিলিয়ন ডলার ছুঁতে পারে। পঞ্চম সপ্তাহে উত্তর আমেরিকায় ৩১৯টি সিনেমা হল হারালেও, সিনেমাটি ১২.১ মিলিয়ন ডলার আয় করতে সক্ষম হয়েছে।

আন্তর্জাতিক বাজারেও দাপট ধরে রেখেছে ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। মুক্তির পঞ্চম সপ্তাহান্তে আন্তর্জাতিক বক্স অফিস থেকে ছবিটি আয় করেছে ৩২.২ মিলিয়ন ডলার। ফলে উত্তর আমেরিকা ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে ৮৯৪.২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭৩০ কোটি টাকা। আগামী সপ্তাহে ছবিটি ৯০০ মিলিয়ন ডলারের ঘর অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই বৈশ্বিক বক্স অফিসে ১ বিলিয়ন থেকে ১.১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলকও ছুঁয়ে ফেলতে পারে এটি।

বর্তমানে বক্স অফিসে ‘মাইকেল’ ও ‘দ্য ডেভিল উইয়ারস প্রাডা টু’-এর মতো নতুন সিনেমাগুলোর সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়েছে ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। তা সত্ত্বেও বক্স অফিসে এর শক্ত অবস্থান বজায় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, খুব দ্রুতই এটি উত্তর আমেরিকার বাজারে আয় দিয়ে ‘অ্যা মাইনক্রাফট মুভি’-কে ছাড়িয়ে যাবে। জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি থেকে নির্মিত এই সিনেমার এমন ধারাবাহিক সাফল্য বিশ্বজুড়ে দর্শকদের কাছে এর তুমুল জনপ্রিয়তাকেই প্রমাণ করছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ১ এপ্রিল বিশ্বজুড়ে মুক্তি পায় ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। অ্যারন হরভথ, মাইকেল জেলেনিক ও পিয়েরে লেডাকের যৌথ পরিচালনায় নির্মিত এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ম্যাথিউ ফোগেল। এতে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ব্রি লারসন, ভার্জিনিয়া ডেয়ার জেলেনিক ও বেনি সাফডির মতো তারকারা। মাস শেষে এই আয় বেশ চমকেই দিয়েছে বিশ্লেষকদের।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।