শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবিতে নারী পরিচ্ছন্নতাকর্মীদের বেতন অনিয়মের অভিযোগ

প্রকাশিত - ০৪ মে, ২০২৬   ০৫:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবার স্টেডিয়ামের টয়লেট ব্যবস্থাপনাতেই অনিয়মের অভিযোগ তুলেছেন। বিশেষ করে নারী পরিচ্ছন্নতাকর্মীরা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না বলে তিনি জানিয়েছেন। বিষয়টি দেখে তিনি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন।
সম্প্রতি তামিম মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ চলার সময়ে গ্যালারি, ওয়াশরুম পর্যবেক্ষণ করে দেখেছেন। পরিচ্ছন্নতাকর্মী নারীদের বেতন বাড়ানোর ইস্যু নিয়ে আজ তাকে প্রশ্ন করেছেন সংবাদমাধ্যমকর্মীরা।

বিসিবি সভাপতি বলেন, ‘কাল আমি বিসিবিতে গিয়েছিলাম। বিসিবিতে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদের যে ক্লিনিং সার্ভিস আছে, তাদের আমরা জনপ্রতি কত টাকা করে দেওয়া হয়? শুনে অবাক হলাম যে ৬৫০ টাকা করে দেওয়া হয়। তখন আমি জিজ্ঞেস করলাম যে ৬৫০ টাকা করে দেওয়া হলে তারা ৩০০ টাকা কেন পাচ্ছে? এ ধরনের দুর্নীতির কথা আপনারা জানেন। কিন্তু আমার কাছে কষ্ট হয় যে এই নারীরা ৩০০ টাকা ৪০০ টাকা প্রতিদিন উপার্জন করেন, তাদের থেকেও টাকা খেতে হবে। মানে তাদের থেকেও টাকা চুরি করতে হবে। এটা একেবারে জঘন্য।’

২০০৭ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের। দীর্ঘ ১৯ বছরে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিপিএল, ডিপিএলেরও অসংখ্য ম্যাচ হয়েছে। তামিমের দাবি, দীর্ঘ ১৯ বছরে বিসিবির টয়লেট নিয়ে কোনোরকম সংস্কার কাজ হয়নি। সাংবাদিকদের বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, ‘আপনারা হয়তো শুনে অবাকই হবেন যে স্টেডিয়াম যখন ২০০৭ সালে তৈরি হয়েছিল, তারপর থেকে আর বাথরুম নিয়ে কোনো সংস্কার হয়নি। এটা ঠিক না। আমি এ কারণে যাওয়ার সময় সেখানে দেখেছিলাম। বাথরুম পরিষ্কারের দায়িত্বে থাকা খালাাম্মা আমাকে একটা কথা বলেছিলেন, যেটা হয়তো অনেকেই ভিডিওতে দেখেছেন। তিনি বলেছেন, ‘ভাইয়া আমরা প্রত্যেক দিন ৩০০ টাকা করে পাই। এই জিনিসটা যদি আপনি একটু দেখতেন।’

বিদেশ থেকে এক নারী এসে বিসিবির ওয়াশরুম নিয়ে অভিযোগ করায় তামিম বিব্রতবোধ করেছেন। বিসিবি সভাপতি বলেন, ‘এটা আমি নিজেই খুব অবাক হয়েছি। আমি সেদিন যখন গ্যালারিতে গিয়েছিলাম, তখন ফিনল্যান্ড থেকে এক নারী সকালেই বিমানবন্দরে এসে সরাসরি মাঠে খেলা দেখতে এসেছেন। তিনি আমাকে সুন্দর করে বললেন, ‘ভাইয়া যদি একটু ওয়াশরুমগুলো ঠিক করা যায়।’

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হয়েছে। ৬ ম্যাচ ভাগাভাগি করে মিরপুর ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হয়েছে। যদি পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক ঠিকমতো বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে সেই কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের পাশাপাশি বিসিবিতেই নিষিদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তামিম।

তামিম ইকবাল বলেন, ‘আমি তাদের একটা বিল জমা দিতে বলেছি এই সিরিজে। আমি বলেছি যে আপনি ৩০ নারীকে ডাকবেন আমার সামনে তাদেরকে ৫০০ টাকা করে দেবেন। ১০০-১৫০ টাকা আপনার লাভ থাকতে পারে। কারণ, কোনো কোম্পানি যদি একটা কাজ নেয় তার অনেক কিছু কিনতে হয়, তার নিজস্ব কোম্পানি চালাতে হয়, তারা একটু লাভ করবেই। সেটা ঠিক আছে। কিন্তু যে প্রতিশ্রুতি আপনি এই নারীদের দিয়েছেন, আমার সামনে আপনি ডেকে সবার সামনে দেবেন।’

বিসিবি সভাপতি হুশিয়ারি করে বলেন, ‘তারপর থেকে যদি আপনারা চান, তাহলে চুক্তি গ্রহণ করতে পারি। তা না হলে চুক্তি তো বাতিল করব। একইসঙ্গে ব্ল্যাকলিস্ট করে দেব যাতে ভবিষ্যতে কোনোদিন আপনি বিসিবিতে কাজ না করতে পারেন।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।