২৪ঘণ্টা অনলাইন: আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক’ এবং ‘টগর’ সিনেমা দুটি দর্শকপ্রিয়তা পেলেও তাদের জুটির প্রথম কাজ ছিল ‘নাকফুলের কাব্য’। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির মিছিলে নাম লিখিয়েছে আলোক হাসান পরিচালিত এই সিনেমাটি। ২০২৪ সালে সেন্সর ছাড়পত্র পেলেও দুই বছর আগে শুরু হওয়া এই সিনেমাটি মুক্তি পায়নি এত দিন। তবে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড থেকে জানানো হয়েছে, আসন্ন কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
জানা গেছে, গ্রামীণ প্রেক্ষাপট ও মাটির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের লেখা গল্পে সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা এক অমর প্রেম ও বিরহের আখ্যান। সিনেমাটির নাম শুরুতে শুধু ‘নাকফুল’ রাখা হলেও সেন্সর বোর্ডের আপত্তিতে নাম পরিবর্তন করতে হয়। একই নামে অন্য আরেকটি সিনেমা নিবন্ধিত থাকায় পরবর্তীতে এর নাম রাখা হয় ‘নাকফুলের কাব্য’। সিনেমাটিতে আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ এবং গাজী রাকায়েতসহ আরও অনেকে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।