২৪ঘণ্টা অনলাইন : ‘পুলসিরাত’ নামে একটি সিনেমায় জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও শবনম বুবলী। ২০২২-২৩ অর্থ বছরে সরকারি অনুমোদন পাওয়া এই সিনেমাটির শুটিং শেষে সেন্সরে জমা দেওয়া হলে আপত্তির মুখে ছবিটির নাম পরিবর্তন করা হয়। পুলিসিরাত থেকে এখন ‘সর্দার বাড়ির খেলা’ নামে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া তাদের ফেসবুক পেজে ছবিটির ট্রেলার প্রকাশ করে ছবির মুক্তি ঘোষণা করা হয়।জানা গেছে, আগামী ৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রোশান-বুবলী জুটির সিনেমা। তবে ঘোষণার কয়েক দিন পেরিয়ে গেলেও ছবির প্রচারণায় দেখা যায়নি নায়ক-নায়িকা কিংবা পরিচালককে।
এ বিষয়ে চিত্রনায়ক জিয়াউল রোশান গণমাধ্যমে বলেন, ‘সিনেমাটির মুক্তির ঘোষণা কিংবা ট্রেলার প্রকাশ সম্পর্কে আমাকে আগে জানানো হয়নি। এ কারণেই প্রচারণায় নেই। তাছাড়া মুক্তির তারিখও পরিবর্তন হতে পারে। আরও কিছু বিষয় আছে। তাই আপাতত অপেক্ষা করছি। সবকিছু ঠিক হলে প্রচারণায় যুক্ত হব।’অন্যদিকে ছবির পরিচালক রাখাল সবুজ জানান, দেশের বাইরে থাকায় আপাতত প্রচারণায় নেই অভিনেত্রী শবনম বুবলী।রোশান-বুবলী ছাড়া ছবিটিতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।