২৪ঘণ্টা অনলাইন : পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীতযাত্রা নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ আগামী ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখানো হবে।
মাইকেল জ্যাকসন ২০০৯ সালে ৫০ বছর বয়সে মারা গেলেও তার জনপ্রিয়তা এখনো বিশ্বজুড়ে অটুট। স্পটিফাইয়ে প্রতি মাসে প্রায় ৬৫ মিলিয়ন মানুষ তার গান শোনেন। মৃত্যুর পরও তাকে ঘিরে ভক্তদের আগ্রহ কমেনি। এই বায়োপিক নিয়ে ব্যাপক উচ্ছ্বাসই তার প্রমাণ।
অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। এ ছাড়াও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদিসহ অনেকে।
সিনেমায় মাইকেলের সংগীতজীবনের শুরু থেকে বিশ্বখ্যাত তারকা হয়ে ওঠার গল্প দেখানো হবে। জ্যাকসন ফাইভ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করে কিভাবে তিনি এককভাবে বিশ্বসংগীতের সবচেয়ে বড় নাম হয়ে ওঠেন, তা তুলে ধরা হয়েছে।
তার পারিবারিক জীবন ও ক্যারিয়ারের পেছনের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকেও সিনেমায় দেখানো হয়েছে। বাবা জো জ্যাকসন, মা ক্যাথরিন জ্যাকসনসহ সংগীত জগতের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বের ভূমিকাও এতে রয়েছে।
টিজার ও ট্রেলার মুক্তির পর থেকেই সিনেমাটি ব্যাপক আলোচনায় রয়েছে। টিজার ২৪ ঘণ্টায় ১১৬ মিলিয়নের বেশি ভিউ পায়, যা মিউজিক্যাল বায়োপিকের মধ্যে রেকর্ড সৃষ্টি করেছে। ট্রেলারও মুক্তির পর দ্রুত মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়।বিশ্লেষকদের মতে, মুক্তির পর সিনেমাটি বড় ব্যবসায়িক সাফল্য পেতে পারে। বাংলাদেশেও সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।