শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বড় পর্দায় আসতে আরও সময় দরকার

প্রকাশিত - ২২ এপ্রিল, ২০২৬   ০৫:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বর্তমান সময়ের অন্যতম নন্দিত ও দর্শকপ্রিয় অভিনেত্রী আইশা খান। নিজস্ব অভিনয়শৈলী, ব্যক্তিত্ব আর স্নিগ্ধতায় খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সমসাময়িক ঝোঁকে গা ভাসিয়ে না দিয়ে বরাবরই কাজ নির্বাচনে সচেতন তিনি। নাটক, ওয়েব সিরিজ কিংবা সিনেমা প্রতিটি মাধ্যমেই নিজেকে মেপে পথ চলছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও কাজের দর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন আইশা খান। নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে তিনি জানান, এখনই সব ধরণের কাজ করার তাড়না বোধ করছেন না তিনি। বরং নিজের খামতিগুলো শুধরে নিজেকে আরও যোগ্য করে গড়ে তোলাই তার বর্তমান লক্ষ্য।

আইশা খান বলেন, ‘আমার কাছে এ মুহূর্তে মনে হচ্ছে যে, সবার আসলে সবকিছু করার প্রয়োজন নেই। হয়তোবা আমি এখনো বড় পর্দার জন্য পুরোপুরি উপযুক্ত নই। এর আগে আমি যে কাজগুলো করেছি, সেগুলো হয়তো মানুষের সেভাবে পছন্দ হয়নি। আমারও হয়তো কমতি ছিল। যেহেতু আমি কোনো থিয়েট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, তাই শেখার অনেক কিছু আছে। আমি যদি অনেক কিছু জানতাম বা পারতাম, তবে হয়তো এ দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হতো না।’

নিজের অভিনীত ‘শেকড়’ সিনেমাটি নিয়ে বিদেশের মাটিতে বেশ প্রশংসা কুড়িয়েছেন আইশা। সেখানে তার অভিনীত ‘ফাল্গুনী’ চরিত্রটি দর্শক মহলে সমাদৃত হয়েছে। তবে এই সাফল্যের রেশ ধরে এখনই নতুন কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে চান না তিনি। অভিনেত্রী বলেন, ‘শেকড়ের পর আসলে খুব শিগগির আর কোনো কাজের সঙ্গে যুক্ত হবো না। আপাতত তেমন ইচ্ছে নেই। আমি তো প্রতিনিয়ত অনেক ভুল করছি এবং সেই ভুল থেকে শিখছি। নিজেকে আরেকটু পরিণত করতে চাই।’

বাংলা চলচ্চিত্রের বর্তমান জোয়ার নিয়ে আইশা খান বেশ ইতিবাচক। বিশেষ করে ২০২২ সালে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে যে পরিবর্তন এসেছিল, তার প্রশংসা করেন তিনি। তিনি বলেন, ‘তখন আমাদের সবার মুখে একটা কথাই ছিল হাওয়া সিনেমা ইন্ডাস্ট্রি বদলে দিয়েছে। তারই ধারাবাহিকতায় এখন ‘বনলতা এক্সপ্রেস’-এর যে সাফল্য দেখছি, তা সত্যিই উপভোগ করছি। ভালো লাগছে।’

ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, ‘বনলতা এক্সপ্রেস আমার প্রিয় এক নির্মাতার কাজ, যার সঙ্গে আমার দুটি কাজ করার সৌভাগ্য হয়েছিল। সেখানে আমার পছন্দের শিল্পীরা আছেন, তাদের এই উন্নতি দেখে আনন্দ লাগছে। সামনে আবার ‘রইদ’ আসবে। এই নির্মাতার সঙ্গেই আমার বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ করা হয়েছিল। তাই আশা করছি, ‘হাওয়া’ যেভাবে ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিয়েছিল, ‘রইদ’ সিনেমাটিও চলচ্চিত্রের জন্য দারুণ কিছু নিয়ে আসবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।