শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধশতাধিক হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রকাশিত - ২২ এপ্রিল, ২০২৬   ০৪:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ঈদে মুক্তি পাওয়া সিনেমা আফরান নিশোর ‘দম’। দেশের মাল্টিপ্লেক্সগুলোতে দাপট দেখানোর পর এবার সারা দেশের অর্ধশতাধিক সিংগেল স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। আগামী ২৪ এপ্রিল থেকে দেশের বড় ও নামকরা সিনেমা হলগুলোতে একযোগে প্রদর্শিত হবে রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। 

প্রথম থেকেই সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল। পাইরেসির ঝুঁকি এড়াতে শুরুতে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দিলেও দর্শকদের তুমুল আগ্রহের কথা মাথায় রেখে এবার সিংগেল স্ক্রিনে মুক্তির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল জানান, মধুমিতা, শ্যামলী, মণিহার ও শাপলার মতো দেশের শীর্ষস্থানীয় হলগুলোতে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

পরিচালক রেদওয়ান রনি সিনেমাটির এই বড় পরিসরে মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।জানান, ‘দম’ শুধু একটি সিনেমা নয় বরং এটি বাংলাদেশিদের বিজয়ের গল্প। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি সাড়া ফেলেছে। উত্তর আমেরিকায় মাত্র এক সপ্তাহে হলের সংখ্যা সাতটি থেকে বেড়ে পঞ্চাশে দাঁড়িয়েছে যা বাংলা সিনেমার বিশ্বব্যাপী চাহিদাকেই প্রমাণ করে। অস্ট্রেলিয়া ও কানাডাতেও দর্শকরা সিনেমাটি দারুণভাবে গ্রহণ করেছেন।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, গল্পের দূরদর্শী ভাবনা এবং পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ থাকায় তিনি এই কাজের প্রতি শুরু থেকেই আগ্রহী ছিলেন। 

নিশোর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াৎ, ডলি জহুর ও জাহিদ হাসান। যার জীবনের গল্প থেকে এই সিনেমা নির্মিত হয়েছে সেই নূর ইসলাম ও তার পরিবারও সিনেমাটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনের এই চলচ্চিত্রটি যৌথভাবে চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।