২৪ঘণ্টা অনলাইন : সঞ্জয়লীলা বানসালির বহু প্রতীক্ষিত ‘ইনশাআল্লাহ’ সিনেমাটি আবারও আলোচনায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ছবিটি নতুন করে শুরু করার পরিকল্পনা করছেন নির্মাতা—এমনটাই শোনা যাচ্ছে বলিউড অন্দরে। শুরুর দিকে সিনেমাটিতে সালমান খান ও আলিয়া ভাটকে জুটি হিসেবে দেখা যাবে বলে জানা গিয়েছিল। তবে বানসালির সঙ্গে মতবিরোধের জেরে ছবিটি থেকে সরে দাঁড়ান সালমান। এরপর থমকে যায় ছবির কাজ।
এবার নতুন খবর, সালমানের জায়গায় শাহরুখ খানকে ভাবছেন বানসালি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, আলিয়া ভাটের বিপরীতে এই ছবিতে দেখা যেতে পারে কিং খানকে।বলিউড সূত্রের খবর, ছবিটির জন্য শুরু থেকেই বানসালির প্রথম পছন্দ ছিলেন শাহরুখ। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শাহরুখ খান কিংবা বানসালি—দু’জনের কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
এর আগে প্রোডাকশন ডিজাইনার রুপিন সূচক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সৃজনশীল মতভেদের কারণেই ছবিটি থেমে যায়। তিনি বলেন, “ভাগ্য ভালো বা খারাপ যে, ছবির কাজ শুরু হয়নি।কারণ এর মধ্যেই বড় সমস্যা হয় এবং সালমান সেট ছেড়ে চলে যান।”তিনি আরো বলেন, “সালমান আর বানসালি একসঙ্গে কাজ করতে চাননি। আমি বানসালির সঙ্গে এক বছর ধরে সেটের পরিকল্পনা করেছি। আমরা প্রায় তিন মাস আমেরিকায় লোকেশন খুঁজেছি।”
একসময় এই ছবির নায়ক হিসেবে হৃতিক রোশনের নামও শোনা গিয়েছিল।তবে শেষ পর্যন্ত সেটিও বাস্তবায়ন হয়নি। জানা গেছে, ইনশাআল্লাহ একটি পরিণত প্রেমের গল্প, যেখানে এক তরুণী একজন বয়স্ক পুরুষের প্রেমে পড়ে। বলিউডের একটি সূত্র জানিয়েছে, এই ছবিকে ঘিরে শাহরুখ ও বানসালির মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে এবং শাহরুখও আগ্রহ দেখিয়েছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।