২৪ঘণ্টা অনলাইন: মুম্বাইয়ের আইকনিক বাংলো ‘মান্নাত’ নতুন করে সাজানোর কাজ শুরু হওয়ায় নিজের ঘর ছেড়ে আপাতত ভাড়া বাড়িতে সপরিবার উঠেছেন বলিউড কিং শাহরুখ খান। সংস্কার কাজ চলাকালীন আগামী দুই বছর তিনি বান্দ্রার পালি হিল এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করবেন।
বর্তমানে শাহরুখ যে ফ্ল্যাটে থাকছেন, তার মালিক বলিউডের খ্যাতনামা প্রযোজক বাসু ভাগনানি ও তার ছেলে জ্যাকি ভাগনানি। পালি হিলের এই দ্বিতল ফ্ল্যাটটি মাসিক ২৪ লাখ রুপিতে ভাড়া নিয়েছেন কিং খান। জানা গেছে, মান্নাতের ভেতর ও বাইরের আমূল পরিবর্তনের জন্য ২০২৪ সালেই প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েছেন শাহরুখপত্নী গৌরী খান। নকশায় বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি বাংলোটিতে আরও দুটি নতুন তলা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভাড়াটে হিসেবে শাহরুখের ব্যবহারে মুগ্ধতা প্রকাশ করেছেন বাড়ির মালিক জ্যাকি ভাগনানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, শাহরুখ অত্যন্ত বিনয়ী এবং তার মতো একজন মানুষ হওয়া ভাগ্যের বিষয়। খ্যাতির শীর্ষে থাকলেও তিনি অতিথিদের অত্যন্ত সম্মান প্রদর্শন করেন এবং বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। জ্যাকির মতে, মানুষ হিসেবে শাহরুখ খানকে ১০ নম্বরের মধ্যে ১১ দেওয়া উচিত।
মান্নাতের সংস্কার কাজ সম্পন্ন হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে পুনরায় নিজের প্রিয় বাংলোয় ফিরে যাবেন শাহরুখ ও তার পরিবার। তবে আপাতত পালি হিলের সেই অভিজাত ফ্ল্যাটেই সন্তানদের নিয়ে সময় কাটাচ্ছেন এই বলিউড মেগাস্টার।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।