শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত - ১৯ এপ্রিল, ২০২৬   ১২:৩১ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বাংলাদেশ ব্যাংক বাজার থেকে গতকাল বৃহস্পতিবার আরও ৫ কোটি ডলার কিনেছে। টানা দেড় মাস বিরতির পর আগের দিন বুধবার কিনেছিল ৭ কোটি ডলার। ১২২ টাকা ৭৫ পয়সা দরে এ ডলার কেনা হয়েছে। এর আগে সব শেষ গত ২ মার্চ আড়াই কোটি ডলার কেনা হয় ১২২ টাকা ৩০ পয়সায়। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছর বিভিন্ন ব্যাংক থেকে মোট ৫৬১ কোটি ৩৫ লাখ ডলার কিনেছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ফের ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে গতকাল গ্রস ৩৫ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার হয়েছে। আগের দিন যা ছিল ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী ৩০ দশমিক শূন্য ৩৭ বিলিয়ন ডলারে উঠেছে।গত মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) জানুয়ারি-ফেব্রুয়ারির মাসের দায় বাবদ প্রায় ১৩৭ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে ৩৪ দশমিক ১০ ও ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে নেমেছিল। চলতি অর্থবছরের শুরু থেকে গত ১৫ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ২ হাজার ৭৯৯ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২০ দশমিক ৪০ শতাংশ বেশি। গত অর্থবছর রেমিট্যান্স বেড়েছিল প্রায় ২৭ শতাংশ।

আওয়ামী লীগ সরকারের শেষদিকে বৈদেশিক মুদ্রাবাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে হুন্ডির বিরুদ্ধে কঠোরতার পর রেমিট্যান্সের এই উচ্চ প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়ক হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার আসার পর আন্তঃব্যাংকে ডলার দর ১২২ টাকা ৩০ পয়সা থেকে সামান্য বেড়ে এ পর্যায়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা সমকালকে বলেন, রিজার্ভের এই অবস্থান ধরে রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক। আবার এই মুহূর্তে যেন টাকা বেশি শক্তিশালী না হয়, সেটিও কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য। যে কারণে বাজার থেকে ডলার কেনা হচ্ছে। একই সঙ্গে বৈদেশিক উৎস থেকে ডলারে ঋণ নেওয়ার চেষ্টা অব্যাহত আছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।