২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিক থালাপতি বিজয়ের সময়টা ভালো কাটছে না। কিছুদিন আগে তার আসন্ন সিনেমা মুক্তির আগেই এইচডি প্রিন্টে পাইরেসি হয়। এমন দুঃসময়ের মাঝে আইনি বিপাকে অভিনেতা। নতুন খবর, তার বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনযায়ী, তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয় নির্বাচনের আগে আইনি জটিলতায় জড়িয়েছেন। তার বিরুদ্ধে পুলিশের অভিযোগ, নির্ধারিত নিয়ম ভেঙে চেন্নাইয়ের ব্যস্ত এলাকায় রোডশো করেছেন তিনি।
চেন্নাই পুলিশের দাবি, বিজয়কে নির্দিষ্ট একটি স্থানে কর্মসূচি করার অনুমতি দেয়া হলে এ অভিনেতা টি নগর, থাউজ্যান্ড লাইটস এবং এগমোর এলাকাজুড়ে বিশাল শোভাযাত্রা বের করেন। সেসময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। এর ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়।
নির্বাচন কমিশনের একটি ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় এ মামলা হয়েছে, যেখানে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় বিজয় ছাড়াও টিভিকে-র একাধিক নেতার নাম রয়েছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অফিশিয়াল প্রতিক্রিয়া জানাননি বিজয় বা তার দল। এদিকে নির্বাচনের ঠিক আগে এ ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়া তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এ বিতর্ক ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তাই এখন দেখার অপেক্ষায় ভক্তরা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।