২৪ঘণ্টা অনলাইন: সংগীতশিল্পী হৃদয় খানের সুর ও সংগীত আয়োজনে প্রথমবারের মতো কণ্ঠ দিলেন গায়ক ইমরান মাহমুদুল। ‘ফিরে এলে না’ শিরোনামের এই নতুন গানটি শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেতে যাচ্ছে। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গত মার্চ মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
নতুন এই গানটি সম্পর্কে ইমরান মাহমুদুল জানান,এটি মূলত ‘স্যাড রোম্যান্টিক’ ঘরানার একটি কাজ। হৃদয় খানের সুরে গাইতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন গায়ক।
ইমরান জানান, কলেজ জীবন থেকেই হৃদয় খানের গান তার কাছে বিশেষ আবেগের। বিশেষ করে ‘ভেবে ভেবে’, ‘আড়ালে’ ও ‘আজকের এই নিশি’র মতো গানগুলো তার ব্যক্তিগত পছন্দের তালিকায় রয়েছে। তাই হৃদয়ের সুর ও সংগীতে কাজ করাকে নিজের ক্যারিয়ারের একটি নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই শিল্পী।
ইতোমধ্যে সামাজিক মাধ্যমে তাদের রেকর্ডিংয়ের ছবি শেয়ার করার পর থেকেই শ্রোতাদের মধ্যে গানটি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
বর্তমানে ইমরান মাহমুদুল নতুন গান নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। সিনেমা, নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানসহ সব মাধ্যমেই তার সরব উপস্থিতি রয়েছে। সদ্য সমাপ্ত রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে তিনটিতেই তিনি প্লেব্যাক করেছেন। এর মধ্যে ‘প্রিন্স’ সিনেমার ‘পরী’, ‘রাক্ষস’ সিনেমায় ‘শুদ্ধতার প্রেম’ ও ‘তুমি ছাড়া’ এবং ‘দম’ সিনেমার ‘কোথায় পাবো তাহারে’ গানগুলো উল্লেখযোগ্য।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।