২৪ঘণ্টা অনলাইন: বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। মার্কিন সাময়িকী ‘টাইমস’-এর ২০২৬ সালের এই তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। রণবীরের এই সাফল্যে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী আলিয়া ভাট।
ভারতীয় গণমাধ্যমের খবর, গত বুধবার টাইমসের তালিকাটি প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন রণবীর। এই তালিকায় গুগল সিইও সুন্দর পিচাই ও জনপ্রিয় শেফ বিকাশ খান্নার মতো বিশিষ্ট ভারতীয়দের পাশাপাশি রণবীরের নাম যুক্ত হয়েছে। স্বামীর এই প্রাপ্তিতে একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। সেখানে রণবীরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মজার ছলে আইসক্রিম খাওয়ার বিশেষ আবদারও করেন এই অভিনেত্রী।
রণবীর কাপুর বর্তমানে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে তার ‘রাম’ অবতার নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী অক্টোবর মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে ২০২৪ সালে আলিয়া ভাটও টাইমেসের প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিলেন। এবার স্বামীর এই আন্তর্জাতিক স্বীকৃতিতে কাপুর পরিবারে অন্য মাত্রা যোগ হলো।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।