২৪ঘণ্টা অনলাইন: রূপালি পর্দায় তোলপাড় সৃষ্টি করেছিল ‘সাইয়ারা’। মোহিত সুরির পরিচালনায় আহান পান্ডে ও অনীত পাড্ডার সেই রসায়ন দর্শকরা বেশ প্রশংসা করেছিলেন। বক্স অফিসে ঝড় তোলা সেই জুটিকে ঘিরেই এবার নতুন খবর। পরিচালক মোহিত সুরির হাত ধরেই আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আহান ও অনীত।
যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) প্রযোজনায় নাম ঠিক না হওয়া এই রোমান্টিক ছবির ঘোষণা আসতেই বলিপাড়ায় শুরু হয়েছে হইচই। ‘সাইয়ারা’র আকাশচুম্বী সাফল্যের পর এই জুটির প্রত্যাবর্তনকে ঘিরে বড় বাজি ধরছে প্রযোজনা সংস্থাটি।
নতুন ছবি প্রসঙ্গে পরিচালক মোহিত সুরি আবেগঘন এক বিবৃতিতে বলেন, ‘আমার কাছে সব সময়ই মূল বিষয় হলো প্রেমের গল্প। ভালোবাসা গভীর হওয়া উচিত, আর সে কারণেই একজন গল্পকার হিসেবে আমি এমন গল্পই বলার চেষ্টা করি। হয়তো এই সবকিছু আগে থেকেই লেখা ছিল। ‘আমরা আবার একত্রিত হয়েছি, কিন্তু এক নতুন সৃজনশীল খিদে নিয়ে। এবার নিজেকে একজন নবাগত মনে হচ্ছে, তাই আমি একই সাথে উত্তেজিত এবং উদ্বিগ্ন। আশা করি আমার সুর আবারও মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’
যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, ‘মোহিতের সঙ্গে কাজ করা মানে শুধু সিনেমা বানানো নয়, এটি একটি অনুভূতিকে তুলে ধরার চেষ্টা। ‘সাইয়ারা’ ছিল এমনই একটি মুহূর্ত যা আমি সব সময় অনুভব করি। এখন যেহেতু আমরা আবার একসঙ্গে কাজ করছি, আমরা আরও বেশি ভালো এবং নিরাপদ কিছু খুঁজছি। আমাদের ছবিতে আহান এবং অনীতকে পেয়ে আমরা অত্যন্ত খুশি।’
বর্তমানে এই জুটির হাতে রয়েছে আরও বেশ কিছু বড় কাজ। আহান পান্ডে চুক্তিবদ্ধ হয়েছেন আলী আব্বাস জাফরের একটি প্রজেক্টে। অন্যদিকে অনীতকে দেখা যাবে ‘শক্তি শালিনী’ নামক একটি হরর কমেডিতে, যেখানে তার সঙ্গে থাকছেন নানা পাটেকর, বিশাল জেঠওয়া এবং বিনীত কুমার সিংয়ের মতো তারকারা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।