শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আশা ভোঁসলের বিপুল সম্পত্তির কে হবে উত্তরাধিকারী

প্রকাশিত - ১৩ এপ্রিল, ২০২৬   ০৪:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সুরের জগতে যার অবদান অমূল্য, তার বাইরেও নিজের পরিশ্রমে এক বিশাল আর্থিক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সদ্যপ্রয়াত ভারতীয় কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। ৯২ বছর বয়সে এই সুরসম্রাজ্ঞীর জীবনাবসানের পর বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে ব্যক্তিগত জীবনে তিন সন্তানের মধ্যে দুই সন্তানকে আগেই হারিয়েছিলেন তিনি। ফলে তার রেখে যাওয়া কয়েকশ কোটি টাকার বিপুল সম্পদের উত্তরাধিকার কে হতে যাচ্ছেন; তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। 

পারিবারিক ও সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মৃত্যুকালে আশা ভোঁসলে প্রায় আনুমানিক কয়েকশ কোটি টাকার সম্পত্তি রেখে গেছেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী তার সম্পদের পরিমাণ ২০০ থেকে ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭০ থেকে ৩৪০ কোটি টাকা)। তবে কিছু গণমাধ্যমে তার সম্পদের পরিমাণ ৮০ থেকে ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১০ থেকে ১৩৫ কোটি টাকা) বলেও উল্লেখ করা হয়েছে।

বলা হচ্ছে, এই বিপুল সম্পদ গড়ে উঠেছে মূলত তার দীর্ঘ সংগীতজীবন, লাইভ পারফরম্যান্স, আন্তর্জাতিক শো এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে। ২০টিরও বেশি ভাষায় ১২ হাজারেরও বেশি গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো এই শিল্পী আয়ের একটি বড় অংশ পেতেন গানের রয়্যালটি থেকে। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন লাইভ শো ও ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকেও তার নিয়মিত আয় হতো।

আশা ভোঁসলের আর্থিক সাফল্যের বড় অংশ জুড়ে রয়েছে রিয়েল এস্টেট বিনিয়োগ। জানা যায়, মুম্বাই ও পুনেসহ একাধিক শহরে তার বিলাসবহুল সম্পত্তি আছে। সম্পত্তির তালিকায় ছিল অভিজাত আবাসন ও বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। পাশাপাশি ব্যবসার ক্ষেত্রেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ২০০২ সালে দুবাইয়ে শুরু হওয়া তার রেস্তোরাঁ চেইন 'আশা’জ' বর্তমানে কুয়েত, বাহরাইন ও যুক্তরাজ্যের বার্মিংহাম ও ম্যানচেস্টারসহ বিভিন্ন আন্তর্জাতিক শহরে ছড়িয়ে পড়েছে।

বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত এই শিল্পী মুক্তা ও হীরা এবং নামী ব্র্যান্ডের গাড়ির শৌখিন ছিলেন। তার সংগ্রহে অডিসহ একাধিক দামি গাড়ি ছিল। তবে ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি তাকে বারবার সইতে হয়েছে। ২০১২ সালে তার মেয়ে বর্ষা আত্মহত্যা করেন এবং ২০১৫ সালে বড় ছেলে হেমন্ত ক্যানসারে মারা যান। দুই সন্তান হারানোর পর তার একমাত্র জীবিত ছেলে আনন্দ ভোঁসলে এবং আশার নাতি-নাতনিরাই এখন এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হচ্ছেন।

দাদাসাহেব ফালকে ও পদ্মবিভূষণের মতো সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত এই শিল্পী শুধু সম্পদ নয়, রেখে গেছেন তার অমর কণ্ঠের অমূল্য উত্তরাধিকার। অর্জিত সম্পদের একটি বড় অংশ তিনি নিয়মিত সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করতেন বলেও জানা গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।