২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধির সঙ্গে সরাসরি শান্তি আলোচনা খুব শিগগিরই শুরু হতে পারে। প্রস্তাবিত এই আলোচনা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এতে অংশ নাও নিতে পারেন।মার্কিন সংবাদমাধ্যম দ্য পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খুব শিগগিরই এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামাবাদে আগামী শুক্রবারের মধ্যেই একটি শীর্ষ বৈঠকের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে।
ট্রাম্পের আলোচক দলের মধ্যে বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রতিনিধি হিসেবে সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার থাকছেন। তবে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, নিরাপত্তা নিয়ে কিছু প্রশ্ন আছে।টানা ৩৯ দিনের সংঘাতের পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। ট্রাম্প প্রশাসন জানায়, সংঘাতের স্থায়ী সমাধানে ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে একটি প্রাথমিক কাঠামো হিসেবে গ্রহণ করা হয়েছে, যদিও এর কিছু শর্ত বাস্তবায়ন কঠিন হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে হামলা চালায়। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, নৌ সক্ষমতা ধ্বংস, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র অকার্যকর করা এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে দেশ দুটি এই হামলা চালায়।এদিকে বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, ইসলামাবাদে শুক্রবার বৈঠকে বসবেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।
শেহবাজ লেখেন, আমি উভয় দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী শুক্রবার ইসলামাবাদে তাদের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে সমস্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়া যায়। যুদ্ধবিরতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে, যা যুদ্ধ চলাকালে ইরান বন্ধ করে রেখেছিল।শুক্রবার হওয়া চূড়ান্ত শান্তি চুক্তিতে ইরানের প্রস্তাবিত জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনা এবং ভূগর্ভস্থ সমৃদ্ধ ইউরেনিয়ামের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।