২৪ঘণ্টা অনলাইন : জাতীয় পুরস্কার হোক বা দেশের প্রথম সারির অন্যান্য কোনো পুরস্কার—পুরস্কারপ্রাপ্তি নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। সৃষ্টির শুরু থেকেই অনুষ্ঠান এবং পুরস্কারের সঙ্গে এই ধরনের আলোচনা ও সমালোচনা চলে আসছে। সময়ের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই চর্চা কম হয়নি।
সম্প্রতি এই বিষয়েই আক্ষেপ প্রকাশ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি লেখেন, ‘জীবনে কত অ্যাওয়ার্ড পাইনি; কিছু বাদ গিয়েছে লবিংয়ের কারণে, কিছু হয়তো আনতেই যাইনি। কতবার নাম কাটা পড়েছে জাতীয় পর্যায়ে, কতবার অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারিনি বলে অ্যাওয়ার্ড মেলেনি…।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রাপ্ত কিছু অ্যাওয়ার্ডের ছবি পোস্ট করে মম লেখেন, “এত নাইয়ের ভিড়েও এতখানি আছে আমার। আর আছে সর্বকালের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড—‘দর্শকের ভালোবাসা’।কৃতজ্ঞতা।” জাকিয়ার এই মন্তব্যে স্পষ্ট, যদিও অনেক পুরস্কার তার হাতছাড়া হয়েছে, তবু তিনি দর্শকদের ভালোবাসাকে সবচেয়ে বড় সম্মান মনে করেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।