শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাদশা ক্ষমা চাইলেন

প্রকাশিত - ০৮ এপ্রিল, ২০২৬   ০৪:৩০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: গানের কথায় অশ্লীলতা আর ভিডিওতে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগে শেষ পর্যন্ত নতি স্বীকার করলেন ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশা। নিজের সাম্প্রতিক গান ‘টাটেরি’ নিয়ে বিতর্কের জেরে দেশটির জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) কাছে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।

কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে বাদশা একটি লিখিত ক্ষমা প্রার্থনাপত্র জমা দেন। গত মার্চে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এর কুরুচিপূর্ণ শব্দ চয়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বিষয়টি নজরে আসার পর কমিশন দ্রুত বাদশার বিরুদ্ধে পদক্ষেপ নেয়। শুনানি চলাকালীন এই সংগীতশিল্পী কেবল ক্ষমাই চাননি, বরং নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য প্যানেলের কাছে তিনটি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন।

আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়নের ওপর একটি বিশেষ গান তৈরি করবেন তিনি। অন্তত ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার যাবতীয় খরচ ও দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বাদশা। নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য কনসার্ট বা অন্য মাধ্যমে অর্থ সংগ্রহের অঙ্গীকার করেছেন তিনি।

বিতর্কিত এই গানটি ইতোমধ্যে ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভোগান্তি এখানেই শেষ নয় গানটির মাধ্যমে নারীদের অবমাননা করার অভিযোগে হরিয়ানায় বাদশার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। ভারতীয় ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ ও ‘তথ্য প্রযুক্তি আইন’ অনুযায়ী দোষী সাব্যস্ত হলে এই র‍্যাপারকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।