শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘শহরের নতুন অতিথি’ নিয়ে আসছেন সাদী-মাহি

প্রকাশিত - ০৬ এপ্রিল, ২০২৬   ১০:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : গায়ক শেখ সাদী ‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসেন। এবার অভিনেতা হিসেবে ছোট পর্দায় আসছেন তিনি। ‘শহরের নতুন অতিথি’ নামের একটি নাটকে দেখা যাবে তাকে।গৌতম কৈরী পরিচালিত এ নাটকে সাদীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি।

গানে সাফল্যের পর থেকেই বিভিন্ন সময় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সাদী। চার বছর আগে দেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘সংশয়’ নামের একটি সিনেমায় অভিনয়ের সুযোগও আসে তার কাছে। সেই ছবির শুটিং এক দিন করেও শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেন তিনি।

কারণ হিসেবে সাদী তখন উপলব্ধি করেছিলেন, অভিনয় শুধু আগ্রহের জায়গা নয়, এটি যথেষ্ট পরিশ্রম ও প্রস্তুতির বিষয়। পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়া বড় পর্দায় আসা ঠিক হবে না—এই ভাবনা থেকেই তিনি অভিনয় থেকে সরে দাঁড়িয়ে পুরো মনোযোগ দেন গানে।

এর পরের সময়টা ছিল তার সংগীতজীবনের জন্য গুরুত্বপূর্ণ। একের পর এক গান প্রকাশ করে ধীরে ধীরে নিজের জায়গা পোক্ত করেন তিনি। বিশেষ করে ‘ললনা’ গানটি তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা—ইউটিউবে গানটির ভিউ ইতিমধ্যে ১৬৮ মিলিয়নের মাইলফলক ছাড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস ও ট্রেন্ড, যা সাদীর পরিচিতি আরও বাড়িয়ে দেয়।

অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়ে সাদী জানান, ‘শহরের নতুন অতিথি’ নাটকের গল্প শুনেই তার আগ্রহ তৈরি হয়। পাশাপাশি সহশিল্পী হিসেবে মাহিকে পাওয়াটাও তার জন্য আনন্দের ছিল। সাদী বলেন, ‘মাহির সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব। শুটিং সেটে গিয়ে একদম অচেনা পরিবেশে কাজ করতে হয়নি। পরিচালকসহ পুরো টিমটাও খুব সহযোগিতাপূর্ণ ছিল। তাই প্রথম কাজ হিসেবে বেশ স্বাচ্ছন্দ্যেই অভিনয়টা করতে পেরেছি।’

জানা গেছে, নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরা ও সাভারের গোলাপ গ্রামে। প্রায় দুই মাস আগে এর কাজ শেষ হয়েছে বলে জানান সাদী। এখন তিনি অপেক্ষা করছেন দর্শকের প্রতিক্রিয়ার জন্য। প্রথম কাজ হওয়ায় নিজের পারফরম্যান্স নিয়েও কিছুটা কৌতূহল ও উত্তেজনা কাজ করছে তার মধ্যে।

অভিনয়ে নিয়মিত হওয়ার পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন সাদী।তার ভাষায়, ‘আমি খুব বেশি নাটকে কাজ করতে চাই না। গল্প ভালো লাগলে, চরিত্রে কিছু করার সুযোগ থাকলে তবেই কাজ করব। আসলে আমি নিজেকে সিনেমার জন্য প্রস্তুত করতে চাইছি। নাটকটাকে সেই প্রস্তুতির অংশ হিসেবেই দেখছি। কয়েকটা কাজের মাধ্যমে অভিনয়টা শিখে নিতে চাই, তারপর সিনেমায় কাজ করার পরিকল্পনা আছে।’

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।