২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক দিলেন তার আসন্ন সিনেমার নির্মাতারা। গত রোববার অভিনেত্রীর নতুন সিনেমা ‘মাইসা’র একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে রাশমিকাকে এক বিধ্বংসী লুকে দেখা গেছে। সেই সাদাকালো পোস্টারটিতে রাশমিকাকে দেখা গেছে একেবারেই ভিন্ন অবতারে। ফুটে উঠেছে রাশমিকার মুখে আঘাতের চিহ্ন এবং চোখেমুখে প্রতিশোধের আভা। যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই সিনেমায় তাকে বেশ চ্যালেঞ্জিং ও মারকুটে একটি চরিত্রে দেখা যাবে।
পোস্টারটি শেয়ার করে নির্মাতা রবীন্দ্র পুল্লে লিখেছেন, ‘তিনি মায়া দিয়ে শাসন করেছেন, লাবণ্য দিয়ে জয় করেছেন; এবার আসছেন রণচণ্ডী মূর্তিতে। রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে বিধ্বংসী পারফরম্যান্স দেখার জন্য তৈরি হোন।’ আনফর্মুলা ফিল্মসের প্রযোজনায় এবং রবীন্দ্র পুল্লের পরিচালনায় ‘মাইসা’ সিনেমাটি মূলত একটি উপজাতীয় পটভূমিতে নির্মিত অ্যাকশন ঘরানার গল্প। ২০২৬ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এদিকে ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন রাশমিকা। গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে দীর্ঘদিনের প্রেমিক ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর ৪ মার্চ হায়দেরাবাদে চলচ্চিত্র অঙ্গনের বন্ধুদের জন্য এক বর্ণাঢ্য বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি। নিজেদের বিয়ের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে ভারতজুড়ে মিষ্টি বিতরণ ও বিভিন্ন মন্দিরে অন্নদানের আয়োজনও করেছিলেন বিজয়-রাশমিকা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।