২৪ঘণ্টা অনলাইন: ঈদে মুক্তি পাওয়া নির্মাতা তানিম নূরের তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এখন আলোচিত নাম। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসায় ভাসছে সিনেমাটি। তবে একঝাঁক প্রভাবশালী অভিনয়শিল্পী সমৃদ্ধ এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। কিন্তু বিশেষ এক কারণে তিনি কাজটি করতে রাজি হননি। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বিষয়টি নিয়ে খোলাসা করেন বিপাশা হায়াত। জানান, নির্মাতা তানিম নূর নিজেই তাকে সিনেমার একটি চরিত্রের জন্য ফোন করেছিলেন।
বিপাশা বলেন, আমি যতটুকু শুনেছি, বনলতা এক্সপ্রেস খুবই চমৎকার কিছু। আমার এখনও দেখা হয়নি সিনেমাটি। কিন্তু আমি সবসময় চেয়েছি কাজটা এমন হোক, যেখানে আমি ঘাম ঝড়াতে প্রস্তত। আমি নিজেকে ঠিক এভাবেই দেখে আসতে চেয়েছি। তাই আমার মনে হয়েছে সেখানে আমার সেই পরিশ্রমের জায়গাটা কম। কাজে ফেরার ক্ষেত্রে নিজের মানদণ্ড ব্যাখ্যা করে এই অভিনেত্রী আরও বলেন, আমি শুধু সেই বিশেষ কাজের অপেক্ষায় আছি, যেখানে শারীরিক পরিশ্রমের পাশাপাশি মানসিকভাবেও ঘাম ঝরানোর সুযোগ থাকবে।
এদিকে নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখানোর পাশাপাশি এবার আন্তর্জাতিক অঙ্গনেও মুক্তি পেয়েছে। গত ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে প্রবাসী দর্শকদের জন্য প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ একঝাঁক তারকা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ব্যবসায়িক সাফল্যের দিক থেকে সিনেমাটি এই নির্মাতার আগের কাজ ‘উৎসব’ সিনেমার রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।