শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান হামলা সতর্কতায় ইসরাইল ব্যবহার করছে ‘এআই’

প্রকাশিত - ০৩ এপ্রিল, ২০২৬   ০৮:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গাজা উপত্যকার যুদ্ধ এবং এক বছরের ব্যবধানে ইরানের সঙ্গে দুটি সংঘাতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইসরাইল তাদের ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে। জেরুজালেম থেকে জানায়, ২০২৫ সালের ১২ দিনের ইরান-ইসরাইল সংঘাতে যখন কোনো ক্ষেপণাস্ত্র আসত, তখন পুরো শহরজুড়ে সাইরেন বেজে উঠত এবং বাসিন্দাদের দিনে বহুবার আশ্রয়কেন্দ্রে ছুটতে হতো।

তবে এখন এই সতর্কতা ব্যবস্থা অনেক বেশি উন্নত ও নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ হয়ে উঠেছে। ৩২ বছর বয়সী সারা শেমলা, যিনি ২০২৫ সালের যুদ্ধে তেল আবিবের একটি ভূগর্ভস্থ হাসপাতালের বাঙ্কারে সন্তান জন্ম দিয়েছিলেন, তিনি বলেন, ”আগে প্রতিটি সতর্কতা পুরো শহরের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু এখন তা অনেক বেশি নির্দিষ্ট। আমরা এখন আশ্রয়কেন্দ্রে কম সময় কাটাই, যদিও মানসিক চাপ এখনও রয়ে গেছে।” বর্তমান যুদ্ধে এই উন্নত সতর্কতা ব্যবস্থা মানুষের দৈনন্দিন জীবন কিছুটা সহজ করেছে বলে জানান তিনি।

আগের মতো এখন আর প্রতিটি সাইরেনে সন্তানদের জাগিয়ে তুলতে হয় না, এমনকি কিছু রাতে তারা নিরবচ্ছিন্নভাবে ঘুমাতেও পারে। তিনি বলেন, ‘আগে তেল আবিবের যেকোনো স্থানে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হলে পুরো শহরে সতর্কতা জারি হতো। এখন সতর্কতা অত্যন্ত নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ। কোনো ক্ষেপণাস্ত্র শহরের দক্ষিণাংশে লক্ষ্য করলে আমি শুধু আগাম সতর্কতা পাই, সন্তানদের আর জাগাতে হয় না।’ গাজা যুদ্ধ এবং ইরানের সঙ্গে সংঘাতের মধ্যবর্তী সময়ে ইসরাইলের সিভিল ডিফেন্স তাদের সতর্কতা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে, যাতে ক্রমাগত হামলার আশঙ্কার মধ্যেও সাধারণ জীবন কিছুটা স্বাভাবিক রাখা যায়। এই পরিবর্তনের পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, যা আসন্ন ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হানতে পারে তা পূর্বাভাস দিতে সহায়তা করে।

ধারাবাহিক নজরদারি
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ‘৬০ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন ও আকাশপথের হুমকি’ ইসরাইলে নিক্ষেপ করা হয়েছে বলে জানান সাবেক বিমান প্রতিরক্ষা কমান্ডার রান কোখাভ। তিনি বলেন, প্রতিটি হামলার ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের গতিপথ, সময়, আবহাওয়া, উৎক্ষেপণের কোণ ও রাডার সংকেতসহ বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়েছে। এই বিপুল তথ্য এআইয়ের মাধ্যমে বিশ্লেষণ করা হয়, যা মানুষের পক্ষে এত দ্রুত ও গভীরভাবে করা সম্ভব নয়। তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষক ইয়েহোশুয়া কালিস্কি বলেন, ‘এআই লক্ষ লক্ষ ডেটা একত্র করে বিশ্লেষণ করে, যা কৌশলগত পরিকল্পনা ও পূর্বাভাসে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।’

১,৭০০ সতর্কতা অঞ্চল
২০০৬ সালের লেবানন যুদ্ধের সময় পুরো দেশকে ২৫টি সতর্কতা অঞ্চলে ভাগ করা হয়েছিল। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,৭০০। বড় শহরগুলোকে ছোট ছোট উপ-অঞ্চলে ভাগ করা হয়েছে, যাতে অপ্রয়োজনীয়ভাবে লাখো মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে না হয়। ইসরাইলের এই সতর্কতা ব্যবস্থা এখন সাইরেন, ওয়েবসাইট, গণমাধ্যম, এমনকি বিশেষ রেডিও সিগন্যালের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে কাজ করে। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে।

ইসরাইলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, প্রায় ৪০ লাখ ফোনে ব্যবহৃত একটি অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক অবস্থানভিত্তিক সতর্কতা, আশ্রয় নিতে কত সময় লাগবে এবং বিপদ কেটে গেলে ‘সব ঠিক’ বার্তাও পাঠানো হয়। ২০২৫ সালের জুনে ইরানের সঙ্গে যুদ্ধের সময় সেল ব্রডকাস্ট প্রযুক্তি যুক্ত করা হয়, যার মাধ্যমে নির্দিষ্ট এলাকার সব মোবাইল ফোনে একসঙ্গে সতর্কতা পাঠানো সম্ভব হয়। সারা শেমলার ভাষায়, গত এক বছরে সতর্কতা ব্যবস্থার এই উন্নয়ন ‘জীবনরক্ষাকারী’ হিসেবে কাজ করছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।