২৪ঘণ্টা অনলাইন: বড় পর্দায় ‘সুড়ঙ্গ’ দিয়ে যে রাজকীয় অভিষেকের সূচনা করেছিলেন আফরান নিশো, এবারের ঈদে তার সেই জনপ্রিয়তা যেন কয়েক গুণ বেড়ে গেছে। রেদওয়ান রনি পরিচালিত ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’ সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। বিশেষ করে, প্রথমবারের মতো বড় পর্দায় নিশোর সঙ্গে চঞ্চল চৌধুরীর উপস্থিতি সিনেমাটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
কাজাখস্তানের হাড়কাঁপানো শীত থেকে পাবনার মেঠোপথ ‘শাহজাহান ইসলাম নূর’ চরিত্রের মধ্য দিয়ে একজন সাধারণ মানুষের অসাধারণ টিকে থাকার লড়াই ফুটিয়ে তুলেছেন নিশো। তবে সিনেমার পাশাপাশি এখন টক অব দ্য টাউন হয়ে দাঁড়িয়েছে সিনেমাটির এক প্রেস কনফারেন্স। যেখানে অভিনেত্রী পূজা চেরিকে নিয়ে নিশোর এক রসিকতা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
প্রেস কফারেন্সে নিশো বলেন, ‘আপনারা বিচলিত হবেন না। বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই।’ এরপর পূর্জা চেরি বলেন, ‘জোকস অ্যাপার্ট এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমি এনগেজড। সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ।’
পেশাদার এই দুই তারকার এমন অকপট স্বীকারোক্তি ও খুনসুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। কেউ কেউ বলছেন এটি প্রচারণার অংশ, আবার কেউ পূজার ‘এনগেজড’ হওয়ার খবরে খুঁজছেন নতুন সমীকরণ। এদিকে সারভাইভাল ড্রামা ঘরানার এই সিনেমায় নিশোর জীবনযুদ্ধের পাশাপাশি পূজা চেরির নতুন অবতার দর্শকদের কতটুকু বিমোহিত করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।