২৪ঘণ্টা অনষইন: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি সব সময়ই নজর কাড়ে ভক্তদের। গ্ল্যামার আর অভিনয় দিয়ে যেমন দর্শক মাতিয়ে রাখেন।
তেমনি ব্যক্তিগত জীবন আর সোজাসাপ্টা মন্তব্যের কারণে প্রায়ই থাকেন সংবাদ শিরোনামে। এবার যেন সমাজিক যোগাযোগ মাধ্যমে একহাত নিলেন নীতিবাক্য প্রচারকারীদের। এক ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি সমালোচনা ও নীতিবোধ নিয়ে বেশ কড়া বার্তা দিয়েছেন। পরীমণি তার পোস্টে লিখেছেন, ‘নীতিবাক্য ঝাড়ার সময় খেয়াল রাখুন, নিজের জীবনের সব নীতির নিয়ম নিয়ন্ত্রণে আছে কিনা। কনফেস করার পর কাউকে ইঙ্গিতপূর্ণ ভাবে বলাটাও খুব একটা নীতিবানের কাজ নয়।’
নেটিজেনদের ধারণা, তাকে নিয়ে সাম্প্রতিক সময়ে যারা অপ্রাসঙ্গিক সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণ করছেন, তাদের উদ্দেশ্যেই এই জবাব দিয়েছেন তিনি। একজন নেটিজেন সেই পোস্টের কমেন্টবক্সে লিখেছেন, ‘নীতির কথা বলা সহজ, কিন্তু সেটা নিজের জীবনে মানা আরেকটা লেভেলের ব্যাপার।’ আরেকজন বলেন, ‘আসলেই ভেবে দেখা উচিত।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।