২৪ঘণ্টা অনলাইন: কাপুর কিংবা বচ্চন বলিউডের প্রভাবশালী এই পরিবারগুলোর মতো রোশান পরিবারের শেকড়ও অনেক গভীরে। সেই সংগীত পরিচালক রোশনলাল নাগরথ থেকে শুরু করে রাকেশ রোশান ও হৃতিক রোশান পর্যন্ত তিন প্রজন্ম দাপিয়ে বেড়াচ্ছেন এই অঙ্গন। এবার সেই পারিবারিক ধারা বজায় রাখতে চলচ্চিত্র অঙ্গনে পা রাখছেন হৃতিক রোশনের ছোট ছেলে হৃদান রোশান।
তবে বাবার মতো অভিনয়ের জন্য নয় বরং পর্দার পেছনের কারিগর হওয়ার লক্ষ্যেই তার এই যাত্রা। চলচ্চিত্র পরিচালনা বা ‘ফিল্মমেকিং’ নিয়ে উচ্চশিক্ষার জন্য সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন হৃদান। লস অ্যাঞ্জেলেসের বিশ্বখ্যাত ‘ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া’তে ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশন নিয়ে পড়াশোনা করবেন তিনি।
হৃদানের স্কুল ‘আমেরিকান স্কুল অফ বোম্বে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খুশির খবরটি ভাগ করে নিয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ‘আমাদের কাছে এটা একেবারেই আশ্চর্যের নয় যে হৃদানকে আমরা ইউএসসি-তে ফিল্ম নিয়ে পড়তে দেখব। অভিনন্দন হৃদান, আমরা তোমার জন্য গর্বিত।’
স্কুল কর্তৃপক্ষের সেই পোস্টে হৃতিকের পরিবারের পক্ষ থেকেও হৃদানকে নতুন জীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে। ১৭ বছর বয়সী এই তরুণের হাত ধরে রোশন পরিবারের পারিবারিক ঐতিহ্য এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, হৃতিক রোশান এবং তার প্রাক্তন স্ত্রী সুজান খানের ছোট ছেলে হৃদান। তাদের বড় ছেলের নাম হৃহান রোশান। হৃতিক ও সুজানের ১৪ বছরের দাম্পত্যের ইতি ঘটলেও সন্তানদের অভিভাবক হিসেবে তারা সবসময়ই একজোট। এমনকি করোনাকালেও তারা দুই ছেলের কথা ভেবে একই ছাদের নিচে সময় কাটিয়েছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।