২৪ঘণ্টা অনলাইন: ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবারের ঈদে ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী মারিয়া শান্তর। নির্মাতা রায়হান রাফীর হাত ধরে সিনে দুনিয়ায় পা রেখেই আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি। সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার নিজের স্টাইলিশ লুক দিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি ফ্যাশন ফেস্টে মারিয়ার উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে।
ফেস্টের সেই আয়োজনে মারিয়াকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক আবহে। পরনে ছিল উজ্জ্বল লাল রঙের একটি আভিজাত্যপূর্ণ শাড়ি। এর সঙ্গে স্লিভলেস মাল্টিকালার ব্লাউজ এবং গলায় পাথরের কারুকাজ করা চকার নেকলেস তার লুকে যোগ করেছে বিশেষ মাত্রা।
হাতে লাল চুড়ি আর ছোট একটি ক্লাচ ব্যাগে নিজেকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে সব ছাপিয়ে তার চোখের গোল সানগ্লাসটি পুরো লুকে নিয়ে এসেছে একটি ক্ল্যাসিক রেট্রো ভাইব। এছাড়াও ব্যাকগ্রাউন্ডের সঙ্গেও মানানসই হয়ে ওঠে তার সাজ-পোশাক।
সেই ফেস্ট প্রাঙ্গণে একটি ভিন্টেজ নীল রঙের গাড়ির ওপর বসে মারিয়ার পোজ দেওয়া ছবিগুলো বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের। হালকা মেকআপ আর পরিপাটি চুলের সাজে তাকে একদিকে যেমন গ্ল্যামারাস লেগেছে, অন্যদিকে তেমনি আভিজাত্য ফুটে উঠেছে। অনুষ্ঠানে মারিয়ার সঙ্গে সিনেমার পরিচালক রায়হান রাফীসহ অন্য সহশিল্পীদেরও দেখা গেছে।
ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় এমনিতেই দারুণ উচ্ছ্বসিত মারিয়া। বুবলী ও নাজিফা তুষির মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে বড় পর্দায় শুরুটা ভালোই হলো তার। সেই সাফল্যের মাঝেই তার এই বোল্ড ও ফ্যাশনেবল উপস্থিতি ভক্তদের মনে বাড়তি উন্মাদনা তৈরি করল।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।