২৪ঘন্টা অনলাইন: এবার ঈদে মুক্তি পাওয়া নির্মাতা তানিম নূরের তারকাবহুল আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ প্রেক্ষাগৃহে বেশ দাপট দেখাচ্ছে। এমন সফলতার মাঝে আন্তর্জাতিক অঙ্গনের দর্শক ও প্রবাসী বাংলাদেশীদের জন্য সিনেমাটি নিয়ে থাকছে বিশেষ চমক। নতুন খবর, আগামী ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
জানা গেছে, আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো-এর মাধ্যমে এই সিনেমাটি প্রথম সপ্তাহে ক্যানাডার ১০টি, আমেরিকার ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে প্রদর্শিত হবে। বিশ্বের নামকরা সব সিনেমা চেইন যেমন—এএমসি, রিগ্যাল, সিনেপ্লেক্স, সিনেমার্ক, শোকেস ও সিনেওয়ার্ল্ড-এ দর্শকরা এটি উপভোগ করতে পারবেন।
এর মধ্যে আমেরিকায় এএমসি’র ২১টি ও রিগ্যাল-এর ১৪টি স্ক্রিনে এবং ক্যানাডায় সিনেপ্লেক্স-এর ১০টি স্ক্রিনে সিনেমাটি চলবে। একই দিন থেকে থেকে টরন্টো, মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক, ডালাস, লন্ডন ও বার্মিংহামসহ প্রধান শহরগুলোর দর্শকরা বড় পর্দায় সিনেমাটি দেখতে পাবেন। আবার যুক্তরাজ্যের ৪টি স্ক্রিনে দেখানো হবে সিনেমটি; যার পরিবেশনা সহযোগী হিসেবে কাজ করছে রেভেরি ফিল্মস।
তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। সিনেমা সংশ্লিষ্টদের আশা, বনলতা এক্সপ্রেস’ ব্যবসায়িক সাফল্যের দিক থেকে পূর্বের ‘উৎসব’ সিনেমার রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। কারণ প্রথম সপ্তাহেই এটি ‘উৎসব’-এর তুলনায় ১৫টি বেশি প্রেক্ষাগৃহ পেয়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।