২৪ঘণ্টা অনলাইন: নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। ‘সহজলভ্য নই’ শিরোনামের এই গানটি ২৭মার্চ প্রযোজনা সংস্থা জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। মূলত ঈদ উপলক্ষেই শিল্পীর পক্ষ থেকে শ্রোতাদের এই উপহার।
গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাজীব। এক বিজ্ঞপ্তিতে জি সিরিজ জানিয়েছে, ‘সহজ আমায় ভাবতে পারো, সহজলভ্য নই’, এমন গভীর ও আবেগী কথায় সাজানো হয়েছে গানটি। দীর্ঘ বিরতি কাটিয়ে পার্থ বড়ুয়ার কণ্ঠে নতুন এই ঘরানার গানটি ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
গীতিকার ও সুরকার আহমেদ রাজীব জানান, এই গানে পার্থ বড়ুয়ার কণ্ঠে ভিন্ন এক আবেগের প্রকাশ ঘটেছে। যেখানে ভালোবাসা, আত্মমর্যাদা ও অনুভূতির সূক্ষ্ম দিকগুলো উঠে এসেছে। রাজীবের মতে, সম্পর্কের জটিলতা ও নিজেকে সহজে বিলিয়ে না দেওয়ার যে দৃঢ় বার্তা গানে দেওয়া হয়েছে, তা পার্থ বড়ুয়ার কণ্ঠে আরও সমৃদ্ধ হয়েছে।
নতুন এই গানটি নিয়ে পার্থ বড়ুয়া জানান, রোম্যান্টিক আবহ ও গভীর আবেগঘন কথায় সাজানো এই গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। মূলত আত্মমর্যাদা ও সম্পর্কের টানাপোড়েন ঘিরেই তৈরি হয়েছে গানটির আবহ।
এদিকে দর্শকেরাও উপভোগ করছে গানটি। একজন লিখেছেন, আগের জীবনে ফিরে গেলাম। এমন গান আরও বেশি বেশি করা উচিত। ইউটিউব চ্যানেল ‘জি সিরিজ মিউজিক’-এ গানটি এখন সব শ্রেণির শ্রোতাদের জন্য উন্মুক্ত রয়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।