২৪ঘণ্টা অনলাইন: এবার ঈদে দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখানো সিনেমা ‘দম’ এবার মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী ১০ এপ্রিল থেকে নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন সিনেমা হলে দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।
সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রযোজক শাকিল জানান, নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে এক সপ্তাহ চলার পর ১৭ এপ্রিল থেকে কানাডার বিভিন্ন শহরে ‘দম’ মুক্তি দেওয়া হবে। বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ বলেন, উত্তর আমেরিকার দর্শক বাংলা সিনেমাকে নতুন প্রাণ দিয়েছে। এটি আমাদের ৫৩তম পরিবেশনা। দর্শকদের ভালোবাসার কারণেই আমরা এতদূর আসতে পেরেছি।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমাটিতে উঠে এসেছে বন্দিদশা থেকে পরিবারের কাছে বেঁচে ফেরার এক মানবিক আকুতি। সিনেমাটির একটি বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এবং চরকি সহপ্রযোজিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। বর্তমানে দেশের শুধুমাত্র মাল্টিপ্লেক্সগুলোতে প্রদর্শিত হচ্ছে এই সিনেমাটি। এবার বিদেশের মাটিতেও প্রবাসী দর্শকদের মাতাতে প্রস্তুত নিশো-চঞ্চল অভিনীত এই চলচ্চিত্র। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন সিনেপ্লেক্সে চলছে সিনেমাটির শো।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।