২৪ঘণ্টা অনলাইন : মুম্বইয়ে ছবিশিকারিদের নিয়ন্ত্রণহীন দাপটে তারকাদের জীবন যে অতিষ্ঠ হয়ে উঠছে তা প্রায়ই তাঁদের আচরণে বোঝা যায়। কোনও অনুষ্ঠানস্থল বা বিমানবন্দর হোক, কিংবা রেস্তরাঁ— সর্বত্র তারকা দেখলেই তাঁদের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন ছবিশিকারিরা, অভিযোগ এমনই। যদিও কিছু তারকার সঙ্গে অবশ্য ছবিশিকারিদের সম্পর্ক অত্যন্ত মধুর। তাঁরা বেশির ভাগ ক্ষেত্রেই ফোটোগ্রাফারদের সামনে হাসিমুখেই পোজ় দেন। অনেকে পোজ় না দিলেও ছবি তুললে কিছু মনে করেন না। অন্তত রেগে যান না। উল্টো দিকে, কিছু তারকা রয়েছেন যাঁরা ‘পাপারাজ্জি’ বা ছবিশিকারিদের দেখলেই মেজাজ হারান। সেই তালিকার শীর্ষে রয়েছেন জয়া বচ্চন। তার পরেই নাকি কাজলের নাম উঠে আসে। সাম্প্রতিককালে একাধিক বার কাজলকে দেখা গিয়েছে আলোকচিত্রীদের উপর চিৎকার করতে, কখনও রাগ দেখাতে। এ বার ফের মেজাজ হারালেন কাজল।
গত বছরেই কাজল নিজের বাড়ির সামনে আলোকচিত্রীদের দেখে মুখ লুকিয়ে ভিতরে ঢোকেন, নিরাপত্তারক্ষীদের দিয়ে তাঁদের সরিয়ে দেন। দু্র্গাপুজোয় আলোকচিত্রীরা অঞ্জলির সময় জোরে কথা বলায় তাঁদের উপর বেশ রেগে যান।
এ বার মণীশ মলহোত্রের বাড়িতে ঢোকার সময় পোশাকশিল্পীর বাড়ির সদর দরজা পর্যন্ত পিছু নেন আলোকচিত্রীরা। আসলে মণীশের মা দিন কয়েক আগে প্রয়াত হন। তাঁর স্মরণসভায় গিয়েছিলেন কাজল। সেখানেই আলোকচিত্রীরা পিছু নিতেই প্রথমে তাঁদের সরে যেতে বলেন কাজল। তার পরেও তাঁরা কথা শুনতে চাননি। সেই সময় বিরক্ত হয়ে রাগ দেখিয়ে কাজল বলেন, ‘‘ব্যস, অনেক হয়েছে। বন্ধ করুন।’’
কাজলের এমন আচরণকে যেমন অনেকেই সমর্থন জানিয়েছেন, তেমনই একদল আবার অভিনেত্রীর ব্যবহারের সমালোচনা করেছেন। কারও মতে, আলোকচিত্রীদের আরও বেশি সহমর্মী হওয়া উচিত। অন্য দল বলেন, ‘‘উনি শুধু সিনেমার প্রচারের সময় আলোকচিত্রীদের সঙ্গে ভাল ব্যবহার করেন।’’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।