শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প একজন ধোঁকাবাজ : ইরান

প্রকাশিত - ২৫ মার্চ, ২০২৬   ১২:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা মধ্যস্থতা করার চেষ্টাকারী দেশগুলোকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের দুইবার ধোঁকা দিয়েছেন এবং ‘আমরা আর বোকা হতে চাই না।’ আলোচনার সম্পর্কে অবগত একটি সূত্র এ তথ্য দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র চায়, ২৬ মার্চ মধ্যেই পাকিস্তানের ইসলামাবাদে শহরে মুখোমুখি শান্তি আলোচনা শুরু হোক। কিন্তু আগের দুই দফা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সময় ট্রাম্প একদিকে চুক্তির কথা বললেও অন্যদিকে হঠাৎ বিধ্বংসী হামলার অনুমোদন দিয়েছিলেন। এর আগে, গত বছরের জুনে নির্ধারিত পারমাণবিক আলোচনার কয়েক দিন আগে ট্রাম্পের সমর্থনে ইসরায়েল ইরানে হামলা চালায়। এরপর, চলতি বছরের ফেব্রুয়ারিতে জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের দুই দফার আলোচনা শেষে আরেক দফা আলোচনার বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছায়। কিন্তু তার দুই দিন পরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়।

ইরানি কর্মকর্তারা মধ্যস্থতাকারী দেশগুলোকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং ট্রাম্পের বড় আকারের অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত তাদের সন্দেহ বাড়িয়েছে। তারা মনে করছেন, শান্তি আলোচনার প্রস্তাবটি আসলে একটি ফাঁদ হতে পারে। মধ্যস্থতাকারী দেশগুলো হলো পাকিস্তান, মিসর ও তুরস্ক।

ট্রাম্প প্রশাসনের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের আশপাশে বিপুল সামরিক শক্তি জড়ো করার মধ্য দিয়ে ট্রাম্প দেখাতে চান তিনি শক্ত অবস্থান থেকে আলোচনা করতে চান, খারাপ উদ্দেশ্যে নয়। ট্রাম্পের এক উপদেষ্টা বলেন, ‘ট্রাম্পের এক হাত চুক্তির জন্য বাড়ানো, আর অন্য হাত মুষ্টিবদ্ধ, আঘাত করার জন্য প্রস্তুত।’

হোয়াইট হাউস ইরানকে বার্তা দিয়েছে যে—ট্রাম্প আলোচনায় সত্যিই আগ্রহী। প্রমাণ হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় অংশ নিতে পারেন বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানায়, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফই ভ্যান্সের নাম সুপারিশ করেছিলেন। কারণ, তাঁর পদমর্যাদা উচ্চ এবং ইরান তাকে কঠোরপন্থী হিসেবে দেখে না।

মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে বিশ্বাস তৈরির একটি উদ্যোগ হয়েছে। তিনি বলেন, ‘তারা গতকাল এমন কিছু করেছে যা সত্যিই আশ্চর্যজনক। তারা আমাদের একটি উপহার দিয়েছে, এবং আজ সেটি পৌঁছেছে। এটি খুব বড় একটি উপহার, যার মূল্য বিপুল।’ এই বিষয়ে কোনো বিস্তারিত না দিয়ে ট্রাম্প বলেন, এই ‘উপহার’ তেল–গ্যাস সম্পর্কিত এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সঙ্গে যুক্ত। ট্রাম্প দাবি করেন, এতে বোঝা যায় যুক্তরাষ্ট্র তেহরানের সঠিক লোকদের সঙ্গেই কথা বলছে। তিনি বলেন, ‘তারা বলেছিল তারা এটা করবে এবং করেছে। আর এটা কেবল তারাই করতে পারত।’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা বলেন, ট্রাম্প একই সঙ্গে কূটনৈতিক সমাধান এবং সামরিক পদক্ষেপের বিকল্প তৈরি করছেন, যাতে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন।

তাঁরা আরও বলেন, আলোচনা হলেও যুদ্ধ আরও দুই থেকে তিন সপ্তাহ চলার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইরানের ওপর সামরিক চাপ বজায় রাখতে বলেছেন বলে এক কর্মকর্তা জানান। এর কিছুক্ষণ পর হেগসেথ সাংবাদিকদের বলেন, ‘আমরা বোমা দিয়ে আলোচনা করি।’ পর্দার আড়ালে আলোচনার চেষ্টা চললেও, পেন্টাগন মার্কিন সশস্ত্রবাহিনীর সেন্ট্রাল কমান্ড–সেন্টকমকে দেওয়া সামরিক নির্দেশনায় এখনো কোনো পরিবর্তন আনেনি। আগামী দিনলোতে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানো হবে। এর মধ্যে কয়েকটি যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং হাজার হাজার সৈন্য রয়েছে। একটি মেরিন ইউনিট এই সপ্তাহেই পৌঁছাবে এবং আরেকটি শিগগিরই রওনা দেবে। ৮২ তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ড অংশ এবং কয়েক হাজার সৈন্য নিয়ে একটি পদাতিক ব্রিগেডও মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, স্থল অভিযান একটি বিকল্প হিসেবে রয়েছে, তবে ট্রাম্প এখনো কোনো সিদ্ধান্ত নেননি। সূত্রগুলো জানায়, সোমবার সকালে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান একটি ১৫ দফা মার্কিন পরিকল্পনা পেয়েছে। ট্রাম্প প্রকাশ্যে আলোচনা হওয়ার কথা জানানোর কয়েক ঘণ্টা আগেই এটি দেওয়া হয়। বর্তমানে যুক্তরাষ্ট্র পুরো পরিকল্পনাটি একসঙ্গে আলোচনা করতে চায়। এতে রয়েছে যুদ্ধ শেষ করা, প্রণালী খুলে দেওয়া, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বিষয়ে নিশ্চয়তা পাওয়া। সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র এই ১৫ দফা পরিকল্পনাকে আলোচনার ভিত্তি হিসেবে দেখছে এবং বৃহস্পতিবার পাকিস্তানে সরাসরি বৈঠকে ইরানকে এটি নিয়ে আলোচনা করতে চায়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ট্রাম্প আলোচনার ব্যাপারে আশাবাদী এবং পাকিস্তানে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে, তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। তিনি আরও বলেন, ইরানের প্রধান লক্ষ্য হলো বোমা হামলা বন্ধ করা এবং যুদ্ধবিরতি নিশ্চিত করা। অন্যদিকে যুক্তরাষ্ট্র দেখতে চায়, আগের আলোচনায় যেসব ছাড় দিতে ইরান রাজি ছিল না, এবার তারা সেগুলো দেবে কি না। দুই পক্ষই মনে রেখেছে, আগের আলোচনা কীভাবে শেষ হয়েছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।