শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মালচিং পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করে দিনাজপুরে সাফল্য

প্রকাশিত - ২৪ মার্চ, ২০২৬   ০৮:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রায় এক একর জমিতে উইন্টারডন, ফেস্টিভ্যাল, আমেরিকান ফেস্টিভ্যালসহ চার জাতের স্ট্রবেরি চাষ করা হয়েছে। তথ্যপ্রযুক্তি, আধুনিক কৃষিযন্ত্র ও উন্নত বীজ ব্যবহার করে কৃষিতে প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ করছেন দিনাজপুরের বিরল উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তারা। তাদের উদ্যোগে এবার আধুনিক মালচিং পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করে সফলতার মুখ দেখেছেন তারা। চলতি মৌসুমে এ চাষ থেকে সাত থেকে আট লাখ টাকা লাভের আশা করছেন উদ্যোক্তারা।

বিরল উপজেলার সদর ইউনিয়নের রবিপুর গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা শাহরিয়ার হোসেন, আরিফ হোসেন, মনিরুজ্জামান ও ছামিউল ইসলামের যৌথ উদ্যোগে এবার প্রায় এক একর জমিতে উইন্টারডন, ফেস্টিভ্যাল, আমেরিকান ফেস্টিভ্যালসহ চার জাতের স্ট্রবেরি চাষ করা হয়েছে। তাদের এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

এই জমিতে মোট প্রায় ১৫ হাজার স্ট্রবেরি গাছ রয়েছে। সারি সারি ঝোপালো সবুজ গাছের পাতার ফাঁকে ফুটেছে সাদা ফুল, আর তার মধ্যেই উঁকি দিচ্ছে লাল, খয়েরি ও সবুজ রঙের স্ট্রবেরি। ইতোমধ্যে তারা সাড়ে আট মণ ফল সংগ্রহ করেছেন। প্রতি কেজি স্ট্রবেরি ৪০০ টাকা দরে পাইকারি ও খুচরা বিক্রি করছেন তারা। উদ্যোক্তারা জানান, এভাবে তারা এই জমি থেকে প্রায় ১৫০ মণ স্ট্রবেরি সংগ্রহ করতে পারবেন বলে আশা করছেন। জমি ভাড়া, সার, বীজ, কীটনাশক ও শ্রমিক খরচ বাদ দিয়ে চলতি মৌসুমে প্রায় সাত থেকে আট লাখ টাকা লাভ হতে পারে বলে ধারণা করছেন তারা।

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, বিরলে স্ট্রবেরি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ বছর স্থানীয় কৃষি অফিসের এসএসআইপি অ্যান্ড রেইনস প্রকল্পের আওতায় স্ট্রবেরি চাষে উদ্যোক্তাদের সার, কৃষি উপকরণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কৃষি বিভাগ নিয়মিত কারিগরি সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, আমদানি নির্ভরতা কমাতে দেশে বিদেশি ফলের উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে কৃষকরাও লাভবান হচ্ছেন। এ ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে এ জেলায় স্ট্রবেরি চাষ আরও বৃদ্ধি পাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।