২৪ঘণ্টা অনলাইন: মাদক মামলায় বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মুক্তি দিতে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। ২৩ মার্চ মুম্বাই হাই কোর্টে এই মামলার শুনানিতে তিনি দাবি করেন, শাহরুখ খানের কাছ থেকে তিনি কোনো অর্থ গ্রহণ করেননি।
২০২১ সালের নভেম্বরে মুম্বাইয়ের একটি প্রমোদতরি (ক্রুজ শিপ) থেকে মাদকসহ আরিয়ান খানকে গ্রেপ্তারের ঘটনায় ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ওই অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। পরবর্তীতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) অভিযোগ করে, আরিয়ানকে মামলা থেকে বাঁচাতে সমীর ওয়াংখেড়ে শাহরুখ খানের কাছে ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন, যা পরে ১৮ কোটিতে রফা হয়েছিল। এই আর্থিক অনিয়মের অভিযোগে ২০২৩ সালে সমীরের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই।
আদালতে শুনানির সময় সমীর ওয়াংখেড়ের আইনজীবী যুক্তি দেন, এনসিবির কাছে আসা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সেই রাতে ‘কর্ডেলিয়া’ ক্রুজে তল্লাশি চালানো হয়েছিল এবং আইন মেনেই আরিয়ানসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সিবিআইয়ের কাছে ঘুষ নেওয়ার কোনো যথাযথ প্রমাণ নেই দাবি করে মামলাটি খারিজের আবেদনও জানান তিনি।
উল্লেখ্য, এই মামলার কারণে আরিয়ান খানকে এক মাস জেলে কাটাতে হয়েছিল। যদিও পরবর্তীতে উপযুক্ত প্রমাণের অভাবে আরিয়ানকে নির্দোষ ঘোষণা করা হয়। বর্তমানে তিনি পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা এই দুর্নীতি মামলার শুনানি এখনো চলমান রয়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।