শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিব নাকি নিশো— প্রশ্ন শুনে বিব্রত চঞ্চল চৌধুরী

প্রকাশিত - ২৪ মার্চ, ২০২৬   ০২:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ঈদের আমেজে মেগাস্টার শাকিব খানের দাপুটে উপস্থিতিতে আলোচনায় রয়েছে ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকে ভরপুর। একই সঙ্গে টানটান উত্তেজনা নিয়ে পর্দায় দাপট দেখাচ্ছে আফরান নিশোর সিনেমা ‘দম’। দুই তারকার সিনেমা নিয়ে ভক্ত মহলে যখন দর্শক বিভাজন স্পষ্ট, তখন শাকিব-নিশো তুলনা নিয়ে প্রশ্নে বিব্রতবোধ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। 

সম্প্রতি ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রিমিয়ারে সাংবাদিকদের মুখোমুখি হন চঞ্চল চৌধুরী। সেখানে তাকে প্রশ্ন করা হয়—নিশো বড় না শাকিব খান বড়? জবাবে কিছুটা কড়া স্বরেই এই অভিনেতা বলেন, নিশো বড় না শাকিব খান বড়—এই প্রশ্ন যখন আমাকে বা তাকে করা হয়, বিষয়টি খুব বিব্রতকর। প্রত্যেকে আলাদা। চঞ্চল চৌধুরী মানে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম মানে মোশাররফ করিম, নিশো মানে নিশো আর শাকিব খান মানে শাকিব খান। কারো সাথে কারো তুলনা করা আসলে আমাদের নিজেদের ক্ষেত্রে একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

এ সময় চঞ্চল চৌধুরীর বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, আমরা শাকিব ভাই, নিশো ও চঞ্চল ভাই—সবার সাথেই কাজ করেছি। সবার সব সিনেমা কি একইভাবে হিট হয়? তবে চঞ্চল ভাইয়ের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন, ওনার এখন পর্যন্ত কোনো ফ্লপ আমি দেখিনি। আসলে কে অভিনয় করছেন, সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ।

এর আগে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন আফরান নিশোও। তিনি বলেছিলেন, ‘একেক সময় আমাকে অনেকের সাথে মেলানো হয় বা প্রতিযোগী হিসেবে দেখানো হয়। আমি কারো প্রতিযোগী নই। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আমি একেবারেই নতুন, এটি আমার মাত্র তৃতীয় সিনেমা। নাটকের সুবাদে অভিনয়ের সাথে দীর্ঘদিনের সম্পৃক্ততা থাকলেও ফিল্ম নিয়ে আমার নিজস্ব একটি ভিশন আছে।’

উল্লেখ্য, প্রতি ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় হাফ ডজন সিনেমা। এর সঙ্গে তাল মিলিয়েই ভক্তমহলে শুরু হয় শ্রেষ্ঠত্বের লড়াই—কে কার চেয়ে এগিয়ে! এসব নিয়ে অনেক সময় বিতর্ক তৈরি হলেও, তারকাদের এমন শ্রদ্ধাবোধ ও সাবলীল মন্তব্য সুস্থ প্রতিযোগিতায় এক অনন্য মাত্রা যোগ করেছে।

এবারের ঈদে মুক্তি পাওয়া ভিন্ন ঘরানার এই সিনেমাগুলো হলো- শাকিব খানের ‘প্রিন্স’, আফরান নিশোর ‘দম’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’, চঞ্চল চৌধুরীর ‘বনলতা এক্সপ্রেস’ ও বুবলী, নাজিফা তুষিদের ‘প্রেশার কুকার’। মুক্তির তৃতীয় দিনে, শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিটি সিনেমার শো কম-বেশি হাউজফুল যাচ্ছে বলে সিনে সংশ্লিষ্টরা দাবি করছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।