২৪ঘণ্টা অনলাইন: ঈদের সিনেমার ভিড়ে ভিন্নধর্মী গল্প নিয়ে দর্শকদের নজর কেড়েছে ‘প্রেশার কুকার’। নারীকেন্দ্রিক এই সিনেমাটি বক্স অফিসেও সন্তোষজনক ব্যবসা করছে; দিনে দিনে আয় বাড়ছে রায়হান রাফী পরিচালিত এই সিনেমার।
বিএমআর-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৬.১২ লাখ টাকা। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে ১১.০৪ লাখ টাকা। আর তৃতীয় দিনে সংগ্রহ করে ১২.১৫ লাখ টাকা। সব মিলিয়ে সিনেমাটির তিন দিনে মোট আয় দাঁড়িয়েছে ২৯.৩২ লাখ টাকায়। এক পোস্টে বিএমআর উল্লেখ করেছে, মাল্টিপ্লেক্সে তৃতীয়দিনেও গ্রোথ দেখিয়েছে রায়হান রাফী পরিচালিত ’প্রেশার কুকার’। পজিটিভ ওয়ার্ড অফ মাউথ ছড়িয়ে পড়ায় এই সিনেমা নিয়েও এখন দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে।
বিএমআর আরও উল্লেখ করেছে, গতকাল (তৃতীয় দিনে) স্টার সিনেপ্লেক্স (১৫টি) এবং লায়ন সিনেমাস (৩টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ১৮টি। এর মধ্যে ৮টি শো হাউজফুল এবং ১টি শো অলমোস্ট ফুল ছিল। তিনদিন শেষে প্রেশার কুকার সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ২৯.৩২ লক্ষ টাকা।
নির্মাতা রায়হান রাফী পরিচালিত সিনেমাটি চার নারী চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। দর্শকদের একটি নির্দিষ্ট অংশের কাছে সিনেমাটি আলাদা আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে, যা দিনে দিনে আয়ের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।